ইরানের তৈরি ‘খেইবার শেকান’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রি-এন্ট্রি ভেহিকলে উন্নত অ্যান্টি-জ্যামিং স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম এবং ম্যানুভার করতে সক্ষম ওয়ারহেড যুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন সামরিক বিশ্লেষকরা। সম্প্রতি প্রকাশিত একটি বিশদ আলোকচিত্র বিশ্লেষণ করে তাঁরা এই ইঙ্গিত পান।
বিশেষজ্ঞদের মূল্যায়ন যদি সঠিক হয়, তবে এই নতুন প্রযুক্তির সংযোজন ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্ভুলতা বহুগুণ বাড়িয়ে দেবে। এর ফলে শক্তিশালী ইলেকট্রনিক যুদ্ধ কিংবা জিপিএস/জিএনএসএস (GPS/GNSS) জ্যামিং ব্যবস্থার মুখও ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত পথ বজায় রাখতে সক্ষম হবে।
প্রতিরক্ষা বিশ্লেষকরা আরও উল্লেখ করেছেন যে, ছবিতে প্রদর্শিত অ্যান্টেনার নকশার সঙ্গে চীনের সামরিক জিপিএস/জিএনএসএস প্রযুক্তির বেশ সুনির্দিষ্ট মিল রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, নতুন এই প্রযুক্তির পেছনে চীনা নকশার প্রভাব কিংবা সরাসরি প্রযুক্তির লেনদেন থাকতে পারে।







