ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।
মঙ্গলবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল আমীনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। তিনি জানান, হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের পাশাপাশি আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরকে সংসদ অধিবেশনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
এর আগে গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন। ওই দিনই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করার পর ঋণখেলাপির অভিযোগ তুলে তার বিরুদ্ধে আপিল করেন জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে।
ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর। পরে ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দেন।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন নুরুল আমীন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ তার লিভ টু আপিল মঞ্জুর করেন। এর ফলে সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে জয়ী হন সরোয়ার আলমগীর। তবে আদালতের নির্দেশ থাকায় তার নির্বাচনী ফলাফল প্রকাশ করা হয়নি।
পরবর্তী সময়ে নুরুল আমীনের করা আপিলের শুনানি শেষে গত ১৬ জুন আপিল বিভাগ আদেশ দেন। আপিল নিষ্পত্তি করে দেওয়া ওই আদেশে সম্ভাব্য দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে চলমান রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।
এরপর হাইকোর্টে রুলের শুনানি শেষে গত ৯ জুলাই সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেওয়া হয়। এবার সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেছেন জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।







