যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মুখে ইরানকে সহায়তার জন্য অস্ত্র, গোলাবারুদ ও ড্রোনের প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠাচ্ছে রাশিয়া। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ইরানের সামরিক সরঞ্জামের মজুত কমে আসায় কাস্পিয়ান সাগরের নৌপথ ব্যবহার করে এসব রদবদল ও সরঞ্জাম পাঠাচ্ছে রুশ বাহিনী। মার্কিন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্যের দাবি করা হয়েছে।
ইরান ও রাশিয়ার মধ্যে সচল এই অস্ত্র সরবরাহের পথটিতে মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলো কোনো ধরনের বাধা বা নজরদারি সৃষ্টি করতে পারছে না। কাস্পিয়ান সাগরের ভৌগোলিক অবস্থান ও সামরিক কৌশলগত দূরত্বের কারণে সেখানে সরাসরি কোনো পদক্ষেপ নেওয়া পশ্চিমা বাহিনীর জন্য অত্যন্ত জটিল হয়ে উঠেছে।
কাস্পিয়ান সাগরে মার্কিন সামরিক বাধা না দিতে পারার মূল কারণ হলো ২০১৮ সালে স্বাক্ষরিত ‘কাস্পিয়ান সাগর কনভেনশন’। এই আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, কাস্পিয়ান সাগরের তীরবর্তী পাঁচটি দেশ ব্যতীত বাইরের অন্য কোনো রাষ্ট্র সেখানে সামরিক উপস্থিতি বা অভিযান পরিচালনা করতে পারবে না। আন্তর্জাতিক আইন সংক্রান্ত এই বাধ্যবাধকতার সুযোগ নিয়েই কাস্পিয়ান সাগরকে নিরাপদ পথ হিসেবে ব্যবহার করছে মস্কো ও তেহরান।







