দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা মোকাবিলা, কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-উপদেষ্টাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখে তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির কোনো চেষ্টা করা হলে সরকার তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। একই সঙ্গে কারখানাগুলোর উৎপাদন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী আরও জানান, পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সরকার সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, উৎপাদন অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রীর জরুরি বৈঠকে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় সরকারের করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান শ্রমমন্ত্রী।







