নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ তুলে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন।
রিটকারীর আইনজীবী জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি পান মাসউদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের সংকট দেখা দিলে তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেন।







