ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের খবরে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কাবার প্রখ্যাত ইমাম ও মসজিদুল হারামের খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০০২ সালের সাবেক এই বিশ্বজয়ীর একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’ একই সাথে তিনি কার্লোসের সত্যের পথে অটল থাকা ও বরকতের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন।
কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি গত মঙ্গলবার প্রথম প্রকাশ্যে আনেন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলি শাহিন। সম্প্রতি ব্রাজিল সফরকালে স্থানীয় মুসলিম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের বরাতে তিনি জানান যে, ব্রাজিলের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব শায়খ জিহাদ হাম্মাদের মাধ্যমে তিনি এই বিষয়টি নিশ্চিত হয়েছেন।
দীর্ঘদিনের সুসম্পর্কের ধারাবাহিকতায় প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে এক বৈঠক চলাকালে রবার্তো কার্লোস কালমা শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন বলে শাহিন দাবি করেন।
আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বিষয়টি নিয়ে আলোচনা করা হলেও এতে জানানো হয়, রবার্তো কার্লোস এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে বা তার কোনো আনুষ্ঠানিক প্রচারমাধ্যমে ইসলাম গ্রহণের বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি। তা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমী ও মুসলিম বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও ভালোবাসার জোয়ার বইছে।







