জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, সংসদে জনগণের দাবি মেনে নেওয়া না হলে অধিকার আদায়ে বিরোধী দলকে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হতে হবে।
শুক্রবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোনের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, নির্বাচনের পর গত ছয় মাসে বিএনপি সরকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে দলীয়করণ করেছে, তা পতিত আওয়ামী লীগকেও ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ ১৭ বছরে যে মাত্রায় দলীয়করণ করেছে, বিএনপি ছয় মাসেই তার চেয়ে কম করেনি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে ক্ষমতায় এলেও সরকার দায়িত্ব নেওয়ার পর ‘সবার আগে বিএনপি’ নীতিতে চলছে। রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান, এমনকি মসজিদ-মাদ্রাসার মতো সামাজিক প্রতিষ্ঠানেও দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, জনগণের দাবি সংসদে মেনে না নেওয়া হলে বিরোধী দল রাজপথে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করতে বাধ্য হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সংসদের ভেতরে জনগণের অধিকার আদায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে গণভোটে জনগণের দেওয়া রায় অনুযায়ী সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে এর সমাধান রাজপথেই হবে। এ ক্ষেত্রে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে প্রয়োজনীয় কর্মসূচি পালন করবে।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনগণের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী অতীতের মতোই আপসহীন ভূমিকা পালন করবে। এ জন্য দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতের সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মনির বিন আনোয়ারের সঞ্চালনায় রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।







