বিএনপির মিডিয়া সেলের ডিজিটাল টিম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে গ্রাফিক্স ডিজাইনার তানিম সুফিয়ানীকে। পূর্বে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সক্রিয় কর্মকাণ্ড ও দলীয় নেতাদের সাথে ঘনিষ্ঠতার বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত গ্রহণ করে বিএনপি মিডিয়া সেল।
এ ছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে করা আপত্তিকর মন্তব্যের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিবৃতিতে অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড পেশাগত স্বচ্ছতা, আস্থা ও প্রতিষ্ঠানের নীতিমালার পরিপন্থী হওয়ায় তাকে ২৪ আগস্ট ২০২৬ থেকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন তথ্যে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে তানিম সুফিয়ানী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের পক্ষে সরব ছিলেন এবং দলটির নেতাদের সাথে তোলা ছবি প্রকাশ করেছিলেন। এছাড়া বিএনপি ও দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে করা তার বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও পোস্ট ভাইরাল হলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।







