যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের সাধারণ নির্বাচনে নাগরিক না হয়েও অবৈধভাবে ভোট দেওয়ার গুরুতর অভিযোগে মোহাম্মাদ হাছিবুর রহমান (৩৩) নামের এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জেলার ইউএস অ্যাটর্নির কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই মামলার বিষ বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৩৩ বছর বয়সী অভিযুক্ত হাছিবুর রহমান তিনি যে মার্কিন নাগরিক নন সে বিষয়ে পুরোপুরি অবগত ছিলেন। তা সত্ত্বেও তিনি ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, ওই নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনেটর এবং প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সদস্যরা নির্বাচিত হন।
মেরিল্যান্ড জেলার ইউএস অ্যাটর্নি কেলি ও. হায়েস এবং এফবিআইয়ের বাল্টিমোর কার্যালয়ের বিশেষ এজেন্ট ইনচার্জ জিমি পল যৌথভাবে এই তদন্ত ও মামলার তথ্য প্রকাশ করেছেন। এফবিআই এবং মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর ওয়াশিংটন ফিল্ড অফিস যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।
অভিযোগে বলা হয়েছে, বিচারে অপরাধ প্রমাণিত ও দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত বাংলাদেশি নাগরিকের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে। তবে মার্কিন ফেডারেল আইনের বিধান ও বিচারিক প্রক্রিয়ার ধরণ অনুযায়ী সাধারণত নির্ধারিত সর্বোচ্চ সাজার চেয়ে কম মেয়াদের শাস্তি দেওয়া হয়ে থাকে।







