যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারি সম্মানির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় দুই নেতাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা।
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অব্যাহতি পাওয়া ওই দুই নেতা এখন থেকে সংগঠনের কোনো ধরনের কার্যক্রম বা দায়িত্বে সম্পৃক্ত থাকতে পারবেন না। প্রাথমিক তদন্তে সরকারি সম্মানির তালিকা তৈরিতে তাদের অনিয়মের সত্যতা পাওয়ায় সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ জানান, অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ ওঠার পর দলীয় তদন্ত ও সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।







