সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমের’ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত ১৭ আগস্ট কারওয়ান বাজার এলাকা থেকে হাতকাটা কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করলে আজ আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য ছিল। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরলেও আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের সমর্থনে প্রচারণার সময় কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়।







