মাদকবিরোধী অভিযানের নামে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও সাবেক এমপি আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের করা আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এর আগে গত ২৬ জুলাই একরামুল হককে বিচারবহির্ভূত হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং হেফাজতে থাকা আসামিদের হাজির করার নির্দেশ দেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ার লতিফ খান, অবসরপ্রাপ্ত মেজর রুহুল আমিন, সাবেক ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব ও লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান।
প্রসিকিউশনের তথ্যমতে, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের কিরণতলী থেকে একরামুল হককে অপহরণ করা হয় এবং পরে মেরিন ড্রাইভ এলাকায় র্যাবের কথিত বন্দুকযুদ্ধে তাকে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাব এবং তৎকালীন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ও র্যাব-৭-এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দিন আহমেদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করে।







