ছুটি কাটাতে নেপালে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মুখে বিপাকে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও প্রবল ভূমিধসে ফেরার পথ ধসে যাওয়ায় দুই দিন ধরে দেশটির পর্যটন এলাকা ঘান্দ্রুকে আটকা পড়ে আছেন তিনি ও তাঁর সফরসঙ্গীরা।
টানা কাজের চাপ কাটিয়ে কয়েক দিনের অবসরের উদ্দেশ্যে গত ২০ আগস্ট নেপালে যান তাসরিফ। গত মঙ্গলবার তারা অন্নপূর্ণ অঞ্চলের প্রায় দুই হাজার মিটার উচ্চতায় অবস্থিত কাস্কি জেলার ঘান্দ্রুক গ্রামে পৌঁছান। পরিকল্পনা অনুযায়ী পরদিন বুধবার তাদের ফিরে আসার কথা থাকলেও বিরেঠাঁটি–ঘান্দ্রুক সড়কের একাধিক অংশ মোদি খোলার বন্যা ও ভূমিধসে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়।
তাসরিফ জানান, যে সময় তাদের ঘান্দ্রুক থেকে রওনা দেওয়ার কথা ছিল, কিছুটা দেরি হওয়ায় স্থানীয় গাইড তাদের সেই সময় যেতে নিষেধ করেন। পরে তারা জানতে পারেন যে পথ দিয়ে তাদের ফেরার কথা ছিল, সেটির বেশ কিছু অংশ ইতোমধ্যে ধসে গেছে এবং সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। সময়মতো বের না হয়ে দেরি করার কারণেই তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান এই শিল্পী।
বর্তমানে ঘান্দ্রুক এলাকায় বড় কোনো প্রাণহানি না ঘটলেও ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন সড়ক চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তাসরিফের গাইড এখন বিকল্প রাস্তার সন্ধান করছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। পরিস্থিতির উন্নতি না হলে আরও দুই থেকে তিন দিন তাদের সেখানে অবস্থান করতে হতে পারে।
দেশে ফেরার পথ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি চরম অর্থসংকটেও পড়েছেন তাসরিফ খান। পাহাড়ে ডিজিটাল লেনদেন বা কার্ড ব্যবহারের সুযোগ সীমিত হওয়ায় সঙ্গে থাকা নগদ অর্থ দ্রুত শেষ হয়ে আসছে। এখন তাঁর কাছে মাত্র অল্প কিছু নেপালি রুপি ও প্রায় ১০০ ডলার অবশিষ্ট রয়েছে। অন্যদিকে দেশে ফেরার বিকল্প নতুন বিমান টিকিটও পাওয়া যাচ্ছে না।
সড়কপথ অচল থাকায় নদীর পাশ দিয়ে ৮ থেকে ১০ ঘণ্টা হেঁটে দুর্গম পথ অতিক্রম করার একটি সুযোগ থাকলেও এই দুর্যোগের মধ্যে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো ঝুঁকি না নিয়ে নিরাপদ পথ বা গাইডের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তিনি।
সম্প্রতি তাসরিফের রোমান্টিক গান ‘বৃষ্টি’ প্রকাশিত হয়েছে এবং দেশে ফিরে ‘জীবনের চাকা’ শিরোনামের একটি রক গানের মিউজিক ভিডিও শুটিংয়ের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সব কাজ স্থগিত রেখে নিরাপদে ও সুস্থভাবে দেশে ফিরে প্রিয়জনদের কাছে পৌঁছানোর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাসরিফ খান।







