রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একাধিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওয়ের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য একটি অ্যাপও তৈরি করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে কাজটি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে যানজট কমানোর উদ্যোগ
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের দীর্ঘদিনের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি করা আগের প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুয়েটকে আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশসহ নতুন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে
রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
স্থায়ী বাস টার্মিনাল নির্মাণে সময় লাগায় এর মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ
গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর মাধ্যমে টার্মিনালের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর করা হবে। কাজটি দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে
রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সচিবালয়ের আশপাশে পার্কিং সুবিধা
সচিবালয় এলাকার যানজট কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং ব্যবস্থা চালুর সম্ভাবনা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনে বিকল্প পার্কিংয়ের স্থানও খুঁজে বের করতে বলা হয়েছে।
অটোরিকশার জন্য পৃথক নীতিমালা
ঢাকায় অটোরিকশা চলাচল আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে রাজধানীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো এবং নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







