নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।
শনিবার সকালে সিলেট নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের নানা বিষয়ে সমস্যা থাকলেও আলোচনার পথ খোলা রয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন।
জ্বালানি খাতের সংকট নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতে এ খাতে অনিয়ম ও দুর্নীতির নানা ঘটনা ঘটেছে। বর্তমান প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমানে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনায় যেখানে প্রয়োজন, বাংলাদেশও সেখানে যুক্ত হবে।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বোয়িং কেনার জন্য বাংলাদেশকে কেউ চাপ দিচ্ছে না। প্রয়োজন ও চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও উড়োজাহাজ কেনা হতে পারে।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের একটি সিন্ডিকেটের কারণে দেশটিতে শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো হবে।
এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।







