জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নিজ পরিচয় গোপন করে যারা দুর্নীতি ও অপকর্ম চালায়, মূলত তারাই সবচেয়ে বড় গুপ্ত। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘী ময়দানে ১১ দলীয় জোটে আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বক্তব্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীর সোনা ছিনতাইয়ের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ছিনতাইকারীরা ঘটনার সময় নিজেদের আওয়ামী লীগের লোক পরিচয় দিলেও ধরা পড়ার পর জানা যায় তারা বিএনপির সদস্য। নিজ স্বার্থ হাসিলে ও অপরাধ ঢাকতে দলের পরিচয় আড়ালকারীদের তিনি কঠোর সমালোচনা করেন।
গণভোটের প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ তুলে জামায়াত আমির প্রশ্ন তোলেন, নির্বাচনের সময় সংস্কার পরিষদ গঠন ও গণভোটের রায় বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করলেও বর্তমান ক্ষমতাসীন বিএনপি কি সেই কথা রেখেছে? ছয় মাস অতিবাহিত হলেও গণরায়ের প্রতিফলন না ঘটায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মানুষ আদালত থেকে ন্যায়বিচার পায়নি, শিক্ষাব্যবস্থায় উন্নতি হয়নি এবং ঘুষ-চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছে— সেবা না পেলেও মাস শেষে ভূতুড়ে বিল পরিশোধ করতে হচ্ছে। দলীয় আনুকূল্যে সরকারি দলের লোকেরা সন্ত্রাস, চুরি ও ছিনতাইয়ে লিপ্ত হচ্ছে দাবি করে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ১১ দলের ঘোষিত ছয় দফা দাবি দ্রুত মেনে নেওয়ার জোর আহ্বান জানান তিনি।







