ইতালির ভেনিসে মারাত্মক হামলা ও লাঞ্ছনার শিকার হওয়ার পর নিজের শারীরিক অবস্থা ও শক্ত অবস্থানের কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এসে তিনি স্পষ্ট জানান, এ হামলায় তিনি ভেঙে পড়েননি এবং শেষ দেখে না নেওয়া পর্যন্ত ভেনিস ছাড়বেন না।
লাইভে এসে অনুরাগী ও দেশবাসীর উদ্দেশ্যে বাঁধন বলেন, “আমি আলহামদুলিল্লাহ ঠিক আছি। আমি কখনো মাথা নত করিনি এবং তা করতে ভুলেও গেছি; তাই আমাকে ভয় দেখানো বা ভেঙে ফেলা এত সহজ নয়।” ইতালির স্থানীয় পুলিশ তাঁকে নিরাপদে পৌঁছে দেওয়ার পাশাপাশি বাংলাদেশ দূতাবাস ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও সার্বিক সহযোগিতার জন্য যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।
হামলাকারীদের রুখে দিতে আইনি পদক্ষেপের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, হামলা সংক্রান্ত সমস্ত ভিডিও ও সুনির্দিষ্ট প্রমাণ তাঁদের হাতে রয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন হামলাকারীকে চিহ্নিতও করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি ইতালীয় থানায় আনুষ্ঠানিকভাবে মামলা করতে যাচ্ছেন এবং বিচার প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত তিনি দেশটিতেই অবস্থান করবেন।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিজের ভূমিকার কথা পুনরুল্লেখ করে বাঁধন বলেন, জুলাই আন্দোলনের পক্ষে দাঁড়ানো তাঁর জীবনের অন্যতম সেরা ও সঠিক সিদ্ধান্ত এবং তিনি একজন গর্বিত ‘জুলাই যোদ্ধা’। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অবস্থানের কারণেই ভেনিসে অবস্থানকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ তোলেন।
নিজের ওপর লাঞ্ছনার চেয়েও সঙ্গে থাকা ছোট ভাই, তাঁর স্ত্রী এবং তিন বছরের শিশুসন্তানের ওপর হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন বাঁধন। নিরপরাধ শিশুর ওপর এমন আচরণকে ‘ন্যক্কারজনক’ হিসেবে উল্লেখ করে বিপদের দিনে পাশে দাঁড়ানো সাধারণ দেশবাসীর সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।







