রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের মিছিল, সমাবেশ বা অপতৎপরতা ঠেকাতে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে কোনো এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বা ঝটিকা মিছিল হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহির আওতায় আনার কথা জানানো হয়েছে।
সোমবার ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এ নির্দেশনা দেন বলে জানা গেছে।
ডিএমপি সূত্রে জানা যায়, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার প্রচলিত পদ্ধতির পরিবর্তে আগাম প্রতিরোধমূলক কৌশলের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে রাজধানীর প্রবেশপথগুলোতে ব্লক চেক জোরদার, স্পটভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা এবং আবাসিক হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বহিরাগতদের চলাচল পর্যবেক্ষণ এবং সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং ছাত্রলীগও সংগঠন হিসেবে নিষিদ্ধ। নিষিদ্ধ সংগঠন বা দলের কোনো ধরনের কার্যক্রম রাজধানীতে হতে দেওয়া যাবে না।
তিনি আরও নির্দেশ দেন, ডিএমপির কোনো অপরাধ বিভাগ বা থানার এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কিংবা আকস্মিক মিছিল হলে সংশ্লিষ্ট অপরাধ বিভাগের উপকমিশনার (ডিসি) ও থানার ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনারের এই নির্দেশনার ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সম্ভাব্য কর্মসূচি মোকাবিলায় থানা পর্যায়ে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।







