জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কথাসাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠক এহসান মাহমুদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬’-এর ১২(২) ধারা অনুযায়ী তাঁকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এই পদে বহাল থাকবেন। নিয়োগের শর্তানুযায়ী, তাঁকে অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
উল্লেখ্য, এহসান মাহমুদ শুরু থেকেই জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণকাজের ‘কোর রিসার্চ টিম’-এর অন্যতম গবেষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সোচ্চার ভূমিকা রাখার কারণে তিনি চাকরিচ্যুতির শিকার হন। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থাকার পাশাপাশি চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানেও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আপামর জনমানুষের এই জাদুঘরে স্থান পাচ্ছে হাজারো শহীদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী শাসনের নানা নথিপত্র। অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এমন একজন যোগ্য সংগঠক ও গবেষককে মহাপরিচালক পদে মনোনীত করায় সংশ্লিষ্ট মহল থেকে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয়েছে।






