লন্ডন থেকে বাংলাদেশে আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
ফ্লাইটটি আকাশে থাকা অবস্থায় দুই যাত্রীর মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে বিমানের অন্য যাত্রীদের মধ্যে, বিশেষ করে শিশু ও বয়স্কদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একে অপরের সঙ্গে ধস্তাধস্তি করছেন। মারামারির একপর্যায়ে একজনের টি-শার্ট ছিঁড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী এগিয়ে এসে তাদের আলাদা করার চেষ্টা করেন।
ঘটনার কারণ বা এতে কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, তিনি বিষয়টি সম্পর্কে এখনও অবগত নন। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।







