ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামকে নিয়োগ দিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এগ্রিমো বা সম্মতিপত্র চেয়েছিল বাংলাদেশ। চলতি বছরের জুলাইয়ে এ বিষয়ে ভারতের কাছে প্রস্তাব পাঠানো হয়।
২০২৫ সালের ২০ জুন অন্তর্বর্তী সরকারের সময়ে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন আসাদ আলম সিয়াম। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
আসাদ আলম সিয়াম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে নেদারল্যান্ডস থেকে এমবিএ সম্পন্ন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পররাষ্ট্র) ব্যাচের কর্মকর্তা হিসেবে তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।







