নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গোপন রাজনৈতিক কর্মসূচিতে সহায়তার মারাত্মক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে অনলাইন পোর্টাল ‘ফেস দ্য পিপল’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদের বিরুদ্ধে। ছাত্রলীগের রাজনীতির পদ গোপন রেখে বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
অনুসন্ধানে পাওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি মাসে অনুমোদিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে রাশেদুজ্জামান রাশেদের সরাসরি পদের প্রমাণ মেলে। তৎকালীন শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী এবং সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেনের যৌথ স্বাক্ষরিত কমিটিতে তিনি ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ শাখা ছাত্রলীগের ‘যুগ্ম সাধারণ সম্পাদক’ হিসেবে মনোনীত হয়েছিলেন।
শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগের পদধারী এই নেতা সাম্প্রতিক সময়ে খুলনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের আড়ালেও নিষিদ্ধ সংগঠনের গোপন সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গণঅভ্যুত্থানের পর সাংবাদিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে ক্যাম্পাসে অবস্থান নেওয়ার পাশাপাশি তিনি গোপনে ছাত্রলীগের ক্যাডারদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছেন।
ক্যাম্পাসের একাধিক সাধারণ ছাত্র প্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে জানান, নিষিদ্ধ সংগঠনের চিহ্নিত নেতাকর্মীদের এভাবে সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশা ব্যবহার করে অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া বিশ্ববিদ্যালয় ও সংবাদ মাধ্যম—উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। বিষয়টিতে প্রশাসন ও সংশ্লিষ্ট সংবাদমাধ্যম কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।







