কুমিল্লা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের নেতৃত্বে পরিচালিত একটি রাজনৈতিক মিছিলে নগরের আলোচিত ‘রতন গ্যাং’-এর প্রধান মো. রতনকে সহযোগীদের নিয়ে অংশ নিতে দেখা গেছে। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত দৃশ্য ও ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো কুমিল্লা নগরজুড়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় অধিবাসীদের অভিযোগ, দলীয় কর্মসূচি সফল করা কিংবা মিছিলে শোডাউন জোরদার করতে কতিপয় রাজনৈতিক নেতা সরাসরি কিশোর গ্যাং সদস্যদের আশ্রয়-প্রশ্রয় ও সুযোগ করে দিচ্ছেন। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থাকার সুবাদে এসব কিশোর গ্যাং সদস্যরা এলাকায় নানা অপকর্ম, চাঁদাবাজি ও তাণ্ডব চালিয়ে পার পেয়ে যাচ্ছে। ফলে প্রশাসনিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রাজনৈতিক প্রভাবের কারণে কিশোর গ্যাং প্রধানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রায়শই বাধার মুখে পড়ছে।
বিতর্কের মুখে আত্মপক্ষ সমর্থন করে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন জানান, তিনি গ্যাং লিডার রতনকে ব্যক্তিগতভাবে চেনেন না। স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির মিছিলে অনেক সাধারণ মানুষের সমাগম হয়েছিল এবং কে কীভাবে এসে তাঁর পেছনে দাঁড়িয়েছে তা তিনি অবগত ছিলেন না। ছাত্রদল কোনোভাবেই কিশোর গ্যাং কালচারকে উৎসাহিত করে না উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে প্রতিটি দলীয় কর্মসূচীতে সতর্ক নজর রাখা হবে।
এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নীতিনির্ধারণী মহল থেকে বিষযটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা স্পষ্ট করে জানিয়েছেন, দলীয় কোনো কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের উপস্থিতি বরদাশত করা হবে না। প্রচারিত ছবি ও ভিডিও পর্যালোচনা করে মহসিনের সাথে ওই গ্যাং লিডারের সম্পৃক্ততা প্রমাণিত হলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।







