ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় এই নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য তাদের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে জোর প্রচার চালাচ্ছে। অন্যদিকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল সংসদ সদস্য পদ ছাড়ায় আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনে উপনির্বাচন ঘিরে দুই পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই তীব্র হচ্ছে।
সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ
জামায়াতের অভিযোগ, তাদের প্রার্থীর প্রচারে বাধা দেওয়া হচ্ছে এবং দলীয় নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা দাবি করেছেন দেলাওয়ার হোসেন।







