রাজধানীর আদাবর এলাকায় দিনে-দুপুরে রামদা, চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে ১৫-২০ জনের একদল সশস্ত্র দুষ্কৃতকারী আটতলা একটি বাড়ি দখলের চেষ্টা ও তাণ্ডব চালিয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্যামলী হাউজিংয়ের ওই বাড়িটিতে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা বাসায় চাঁদাদাবি করে কোপানোসহ জানালার কাচ ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে পালিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী আমিনুর রহমানের ভাতিজা মনির হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে ১৫-২০ জনের দলটি বাড়ির সামনে আসে। পরে চাপাতি, রামদা ও পিস্তলধারী চারজন মূল ফটকে এসে কোপানো শুরু করে এবং চাঁদা দাবি করে সবাইকে বের হয়ে যেতে বলে। ভেতরে প্রবেশ করতে না পেরে সন্ত্রাসীরা বাসার জানালার কাচ ও সিসিটিভি ক্যামেরা ইটের টুকরা দিয়ে ভেঙে তছনছ করে দ্রুত সটকে পড়ে।
ঘটনার পরপরই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পুলিশকে খবর দেওয়া হলেও প্রায় তিন ঘণ্টা পর সকাল পৌনে ১০টার দিকে আদাবর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। সময়মতো পুলিশ এলে অপরাধীদের হাতেনাতে ধরা সম্ভব হতো উল্লেখ করে মনির হোসেন বলেন, “আমরা চরম আতঙ্কের মধ্যে আছি, বাসা থেকে বের হতে পারছি না। আবার কখন হামলা হয় জানি না।” এ বিষয়ে আদাবর থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের ১৭ আগস্ট খোরশেদ আলম নামে এক ব্যক্তি বাড়িটি বেআইনিভাবে দখল করে নিয়েছিলেন। পরবর্তীতে আদালতে মামলা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে গত ১২ মার্চ বাড়ির মালিকরা তা ফেরত পান। তবে নতুন করে আবারও সশস্ত্র হামলা ও চাঁদাদাবিতে পুরো পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।







