ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে শৌচাগারে যাওয়ার অজুহাত দেখিয়ে পালিয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুরের ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ (৩০)। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাইঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের বাইমাইল ময়লার ভাগাড়ের কাছে এই নজিরবিহীন ঘটনা ঘটে।
পুলিশ ও কারাগার সূত্র জানায়, বিস্ফোরক আইনের মামলায় বিচারিক কাজের হাজিরা দিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ৩০ জন আসামিকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে প্রিজন ভ্যানে কারাগারে ফেরত আনার সময় পিচ্চি রাজা শৌচাগারে যাওয়ার কথা বলে চিৎকার শুরু করেন। গাড়িটি বাইমাইল এলাকায় পৌঁছালে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন এসআই তাঁকে নিচে নামান এবং সেই সুযোগেই কৌশলে অন্ধকারে দৌড়ে পালিয়ে যান তিনি।
পলাতক পিচ্চি রাজার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, হত্যাচেষ্টাসহ অসংখ্য গুরুতর মামলা রয়েছে। ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার পর জামিনে গিয়ে তিনি বিদেশে পালিয়ে যান। পরবর্তীতে চলতি বছরের ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁকে ও তাঁর সহযোগীদের পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল।
প্রিজন ভ্যান থেকে শীর্ষ এই অপরাধীর পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি রাজার পলায়নের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অন্যদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, কীভাবে ও কার গাফিলতিতে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।







