সেনাবাহিনী ও বিলুপ্ত র্যাবের সদস্য পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে বহিষ্কৃত যুবদল নেতা ইঞ্জিনিয়ার বিএম ইব্রাহিম ওরফে ‘তালা ইব্রাহিমকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
ইব্রাহিম ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। তবে গত ৫ আগস্টের পর নানা অপকর্মের অভিযোগে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন ব্যক্তির বাসাবাড়িতে জোরপূর্বক তালা মেরে মোটা অঙ্কের টাকা আদায় শুরু করেন, যার ফলে এলাকায় তিনি ‘তালা ইব্রাহিম’ নামে পরিচিতি পান। তাঁর বিরুদ্ধে গণধর্ষণসহ একাধিক গুরুতর মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, জাহিদ হাসান নামে এক ব্যবসায়ী গত বছরের ৭ ডিসেম্বর ইব্রাহিম ও তাঁর সহযোগী দীপকসহ ১০-১২ জনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলা করেন। এজাহার অনুযায়ী, নবীনগর হাউজিংয়ের একটি বাসায় সিভিল পোশাকে ওয়াকিটকি হাতে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবেশ করে বাদীর কাছ থেকে নগদ টাকা, হাতঘড়ি ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা।
পরবর্তীতে ভুক্তভোগী ব্যবসায়ী কৌশলে মোহাম্মদপুর থানা পুলিশকে জানালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইব্রাহিম ও তার সহযোগীদের শনাক্ত করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার ইব্রাহিমের বিরুদ্ধে থাকা পূর্বের মামলা ও রাজনৈতিক পরিচয় যাচাই-বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।







