রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটির জের ধরে সোহাগ (৪৫) নামের এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের সাবেক বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। আঘাতের পরপরই তিনি দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্কের সৃষ্টি করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা অভিযুক্ত সাইমনের মোটরসাইকেলটি আটকে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ৬২/এ নিউ ইস্কাটন এলাকার বাসিন্দা সোহাগের সঙ্গে সাইমনের তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। কথাকাটাকাটির একপর্যায়ে সাইমন সোহাগের মাথায় সরাসরি আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।
হামলার পর সাইমন সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বের করে পর পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে চেপে সটকে পড়ার চেষ্টা করেন। তবে গুলির শব্দে আশপাশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ছুটে এসে তাঁর পথরোধ করেন। সাইমন কোনোমতে পালিয়ে যেতে সক্ষম হলেও উত্তেজিত জনতা তাঁর ফেলে যাওয়া মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয় এবং তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
আহত সোহাগের দাবি, অভিযুক্ত সাইমন এলাকায় দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মারামারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এসব অপকর্ম ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে আগেই তাঁকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, এ বিষয়ে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।







