এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি নাটোরের গুরুদাসপুরের প্রধান শিক্ষক ও বিএনপি নেতা মো. ফিরোজুল ইসলাম ফিরোজ জামিনে মুক্ত হয়েই এলাকায় মোটরসাইকেল বহর ও শোডাউন চালিয়ে প্রকাশ্যে ভুক্তভোগীর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে রাজশাহী কারাগার থেকে বের হওয়ার পর নাজিরপুরে নিজস্ব অনুসারীদের নিয়ে বিশাল জনসভা করে ক্ষোভ উগড়ে দেন এই সাবেক বিএনপি নেতা।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফিরোজুল ইসলাম ২০২২ সালের ১ অক্টোবর পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে নিজের ১৫ বছর বয়সী এক ছাত্রীকে প্রকাশ্যে অপহরণ করেন। পরে রাজশাহীর একটি আবাসিক হোটেলে জিম্মি করে হাত-পা বেঁধে তাকে একাধিকবার ধর্ষণ করেন এবং সেই আপত্তিকর দৃশ্য ভিডিওতে ধারণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করলে র্যাব অভিযান চালিয়ে গাজীপুর থেকে ছাত্রীকে উদ্ধার ও ফিরোজকে গ্রেপ্তার করে।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও ধারণকৃত ভিডিওচিত্রের ওপর ভিত্তি করে ২০২৩ সালের ১১ নভেম্বর রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অভিযুক্ত শিক্ষক ফিরোজুল ইসলামকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন এবং অপহরণের দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে প্রায় ১১ মাস কারাদণ্ড ভোগ করার পর সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেয়ে মঙ্গলবার কারামুক্ত হন তিনি।
কারাগার থেকে বের হওয়ার পরপরই শতাধিক গাড়ির বহর ও অনুসারীদের ফুলের মালায় বরণ হয়ে এলাকায় আসেন ফিরোজ। পরে এক সমাবেশে তিনি উসকানিমূলক ও হুমকিমূলক বক্তব্য দেন। ছড়ানো ভিডিওতে দেখা যায়, তিনি আদালতের বিচারিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে প্রতিপক্ষ ও মামলা সংশ্লিষ্টদের নাজিরপুরের মাটিতেই ‘বিচার’ করার হুঁশিয়ারি উচ্চারণ করছেন।
অভিযুক্তের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকির কারণে বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। ছাত্রীর বাবা জানান, শুরু থেকেই টাকার লোভ ও ভয়ভীতি দেখিয়ে আপস করতে চাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই তাঁদের সরাসরি প্রাণনাশের হুমকি দিচ্ছেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি খতিয়ে দেখে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।







