হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে বিলম্ব নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত জ্যেষ্ঠ কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দর থানায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (BG-338) যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় মারাত্মক ট্রলি সংকট দেখা দেয়। এতে ক্ষুব্ধ যাত্রীদের শান্ত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
এ সময় হঠাৎই জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে নির্বাহী পরিচালকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান। অভিযোগ রয়েছে, তিনি প্রকাশ্যে ঐ কর্মকর্তাকে গালিগালাজ করে ‘পিটিয়ে ছাল তুলে নেওয়ার’ ও ‘ঘাড় ধরে বের করে দেওয়ার’ হুমকি দেন। এমনকি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নিয়েও চরম অশালীন মন্তব্য করেন তিনি।
তবে উল্টো অভিযোগ করে ভুক্তভোগী মেজর (অব.) আখতারুজ্জামান গণমাধ্যমকে জানান, বিমানবন্দরে লাগেজ ও ট্রলি না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। যাত্রীদের পক্ষে কথা বলা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় তাঁর কণ্ঠ স্তব্ধ করতেই কর্তৃপক্ষ উল্টো তাঁর বিরুদ্ধেই এই মিথ্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় বিমানবন্দরে যাত্রীসেবার মান ও নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।







