রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও ভারী যন্ত্র দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন মিশু মোল্লা শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ধ্বংসযজ্ঞের ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে মিশু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ পরবর্তী প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে ভারী এক্সকাভেটর বা ভেকু এনে স্বাস্থ্যকেন্দ্রটির একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
এই ন্যক্কারজনক ঘটনার পেছনে দলীয় ও সামাজিক প্রভাব খাটানোর অভিযোগ উঠলে এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।







