জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের সভা আহ্বান করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির দায়িত্বশীল নেতাদের সূত্রে জানা গেছে, সভায় দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ বৈঠক ডেকেছেন।
সাধারণত জাতীয় সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। তবে এবার পরবর্তী অধিবেশনের তারিখ নির্ধারণের আগেই বিএনপির সংসদীয় দলের এ বৈঠক আহ্বান করা হয়েছে।







