রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বদলির আদেশ জারির পরই তিনি রাজশাহী ত্যাগ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে মঙ্গলবার তাকে বদলি করা হয়। তার স্থলে রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে অভ্যর্থনা অনুষ্ঠানে রাষ্ট্রীয় প্রটোকল ও শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে ইউসুফ আলীর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্রগুলোর দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত প্রটোকল অনুসরণ না করে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন বিভাগীয় কমিশনার। ঘটনাটিকে প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে তাকে ওএসডি করা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।






