আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে সঙ্গে নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রলের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের জীবনমান ও জীবিকার সংকট নিয়ে আলোচনা না করে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বিতর্ক ও কুৎসা রটানো হচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের টোকিওর হোটেল নিউ ওতানিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে এবার আমজনতার তারেককে নিয়ে এসেছি। গত দুই-তিন দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অনেক কথা দেখলাম। বলা হচ্ছে, তার কোনো অবদান নেই, তাকে নিয়ে এসে সরকারের অর্থ অপচয় করা হচ্ছে।’
দেশের মানুষের বাস্তব সমস্যাগুলোর প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশে এত সমস্যা থাকা সত্ত্বেও সেগুলো নিয়ে তেমন আলোচনা দেখা যায় না। অথচ সংস্কার বিভিন্ন ধরনের হতে পারে। শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে সংস্কার করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মেহনতি ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নত করাও বড় ধরনের সংস্কার।
তিনি আরও বলেন, ‘যেহেতু আমরা রাজনীতিকেরা মানুষের কাছে ভোট চাইতে যাই, তাই আমার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনকে কিছুটা সহজ ও স্বস্তিদায়ক করা।’
উল্লেখ্য, জাপান সফরে যাওয়ার আগে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই তাঁর জীবনের প্রথম বিদেশ সফর। এ জন্য তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার প্রতি ভালোবাসা জানান।







