২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে মানুষ হত্যা ও লাশের ওপর নৃত্যের ঘটনাকে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থানের সূচনা হিসেবে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার জন্য ওই দিনের নৃশংসতাই যথেষ্ট।
একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত সাফল্য ভোগ করলেও বিএনপি সরকার শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করছে না। বরং বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘২৮ অক্টোবর ২০০৬: আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাদিক কায়েম এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বক্তব্যের শুরুতে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে পল্টনের ঘটনায় নিহতদের স্মরণ করেন ডাকসু ভিপি। তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় বারবার আত্মত্যাগ করেছেন।
সাদিক কায়েমের অভিযোগ, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও মুজিববাদী বামপন্থিরা লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়েছিল। ওই দিনের হত্যাকাণ্ডের পর লাশের ওপর দাঁড়িয়ে নৃত্যের ঘটনাকে তিনি ইতিহাসের অন্যতম নৃশংসতা বলে উল্লেখ করেন।
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে তিনি আরও বলেন, ২৮ অক্টোবরের ঘটনার পর দেশে গণতন্ত্রের অবক্ষয় শুরু হয়। পরবর্তী সময়ে পিলখানা হত্যাকাণ্ড, আলেম-ওলামাদের ওপর দমন-পীড়ন, গুম, খুন, আয়নাঘর ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয় বলে তিনি অভিযোগ করেন। এ ক্ষেত্রে দেশের বামপন্থি রাজনৈতিক শক্তিরও ভূমিকা ছিল বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান বিএনপি সরকারের সমালোচনা করে সাদিক কায়েম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। তাঁর অভিযোগ, গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাজনৈতিক সাফল্য বিএনপি ভোগ করলেও শহীদদের প্রত্যাশা পূরণে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা এবং তাদের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থান নেওয়া হচ্ছে।







