মধ্যপ্রাচ্যে ইসরাইলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালালে যুদ্ধের আগুন আরও বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া শনিবার এ সতর্কবার্তা দেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আকরামিনিয়া বলেন, ইসরাইলের চাপ ও উসকানিতে পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও মধ্যপ্রাচ্যে সামরিক দুঃসাহসিকতা দেখান, তাহলে সংঘাতের বিস্তার আরও বাড়বে।
তিনি সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপের পর যুদ্ধ কীভাবে শেষ হবে, তা আর ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকবে না।
যুক্তরাষ্ট্রের কূটনীতি নিয়ে প্রশ্ন
মার্কিন প্রেসিডেন্টের অতীত কূটনৈতিক ভূমিকার সমালোচনা করে ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক উদ্যোগের সঙ্গে বিশ্বাসঘাতকতার নজির রয়েছে।
এমন পরিস্থিতিতে ইরানের সেনাবাহিনী নিজেদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ওপর নিবিড় নজর রাখছে তেহরান।
হামলা-পাল্টা হামলায় বাড়ছে উত্তেজনা
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরানও ওই অঞ্চলে পাল্টা হামলা চালায়। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ে।
পরবর্তী সময়ে কূটনৈতিক তৎপরতা এবং জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।
বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।
ইরানের সর্বশেষ এই হুঁশিয়ারি থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে দেশটির বিরোধের স্থায়ী সমাধান না হলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।







