দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও গণপ্রতিরক্ষায় অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল।
তুরস্কের বিখ্যাত ‘জেন্ডারমেরি’ (Gendarmerie) বাহিনীর পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্ক দূতাবাসের নিরাপত্তা, সহযোগিতা ও অভ্যন্তরীণ বিষয়ক কাউন্সেলর জেন্ডারমেরি কর্নেল বোরো তাসদেলেন (Bora TASDELEN)। এছাড়া প্রতিনিধিদলে তুরস্কের জেন্ডারমেরি জেনারেল কমান্ডের তিনজন অভিজ্ঞ প্রশিক্ষক এবং একজন দোভাষী যুক্ত রয়েছেন।
পাঁচ দিনব্যাপী পরিচালিত এই নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমে প্রতিদিন ছয় ঘণ্টা করে তাত্ত্বিক পাঠ, ব্যবহারিক অনুশীলন, বাস্তব পরিস্থিতিভিত্তিক পরিস্থিতি মোকাবিলা এবং আধুনিক অপারেশনাল কৌশলের প্রদর্শনীকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে জেন্ডারমেরি ফার্স্ট লেফটেন্যান্ট ওগুজহান কারাতাস (OGUZHAN KARATAS) পুরো প্রশিক্ষণের লক্ষ্য, কৌশলগত উদ্দেশ্য, পাঠ্যসূচি ও মডিউল সম্পর্কে বিশদ ধারণা দেন।
কার্যক্রমের প্রথম অংশে বীর বিক্রম এলাহী বক্স অডিটোরিয়ামে তাত্ত্বিক সেশন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মধ্যাহ্ন বিরতি শেষে আনসার একাডেমির প্যারেড গ্রাউন্ডে পরিচালিত হয় ব্যবহারিক প্রশিক্ষণ সেশন। সেখানে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ধরনের আধুনিক আত্মরক্ষামূলক কৌশল হাতে-কলমে শেখানো হয় এবং বাস্তব পরিস্থিতিতে প্রয়োগের নানা কৌশল উপস্থাপন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ করে জনশৃঙ্খলা রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ, দাঙ্গা নিয়ন্ত্রণ, আকস্মিক সহিংসতা প্রতিরোধ ও সংকটকালীন পরিস্থিতিতে কার্যকরী ভূমিকা পালনে এই আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ আনসার ও ভিডিপি সদস্যদের পেশাগত দক্ষতা বহুগুণ বাড়িয়ে তুলবে।







