প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিস পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্যটি প্রত্যাহারের পাশাপাশি জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলামের বরাবর এ আইনি নোটিস পাঠান।
নোটিসে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তাঁর কোনো পরিকল্পনা নেই।’
আইনজীবী হাবিবুর রহমান নোটিসে দাবি করেন, নাহিদ ইসলামের এ বক্তব্য রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ঈর্ষাপ্রসূত, অবাস্তব ও কাল্পনিক। এ ধরনের মন্তব্যের মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক অপরিপক্বতা ও প্রজ্ঞার অভাব প্রকাশ করেছেন বলেও নোটিসে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির কাছ থেকে এমন অগ্রহণযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জাতি প্রত্যাশা করে না। তাই আগামী ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিসে সতর্ক করা হয়েছে।







