দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কয়েকটি ককটেল বিস্ফোরণ কিংবা বাসে অগ্নিসংযোগের মতো ঘটনাকে কেন্দ্র করে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এ ধরনের বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে দেখিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বলে প্রচার করা বাস্তবসম্মত নয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উদ্বেগের জবাবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল হিসেবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা স্বাভাবিক। সরকার বিরোধী দলের গঠনমূলক সহযোগিতাকে সবসময় স্বাগত জানায়। তবে পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা দেশের ভেতরে এবং সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে দেশের বাইরে পালিয়ে থাকা ব্যক্তিদের ইন্ধন রয়েছে।
সাম্প্রতিক সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, সারাদেশে সম্প্রতি মোট সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত কয়েকজনকে হাতেনাতে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। সিএমএম আদালত এলাকায় সংঘটিত ঘটনায় জড়িত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে রাতে পার্ক করা একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ কিংবা ফাঁকা বাসে অগ্নিসংযোগের মতো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক নয়। এ ধরনের প্রতীকী ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে দাবি করার কোনো ভিত্তি নেই।
তৈরি পোশাকশিল্প ও রপ্তানি খাতে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের বিষয়েও সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী পোশাকশিল্পে বিশৃঙ্খলা তৈরির জন্য দেশি-বিদেশি বিভিন্ন পক্ষ বিপুল অর্থ বিনিয়োগ করে পরিকল্পিত ষড়যন্ত্রের চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে সেই অপচেষ্টা ব্যর্থ করেছে।
তিনি জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার চেষ্টা চলছে।
অপরাধ পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। পুলিশের ওয়েবসাইট ও প্রাতিষ্ঠানিক তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় দেশে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে। অথচ সামগ্রিক চিত্র বিবেচনা না করে বিভিন্ন মহল উদ্দেশ্যমূলকভাবে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।
বক্তব্যের শেষ পর্যায়ে পতিত ফ্যাসিবাদী শক্তির উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেওয়া ফ্যাসিবাদী শক্তিকে দেশে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। দেশের ভেতরে কিংবা সীমান্তের বাইরে থেকে কোনো ষড়যন্ত্র বা নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করা হলে তথ্য-প্রমাণসহ তা জাতির সামনে তুলে ধরা হবে এবং কঠোর হাতে প্রতিহত করা হবে।
এ বিষয়ে সংসদীয় কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় বিস্তারিত সরকারি বিবৃতি সংসদে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।







