সরকারের দুর্বলতা ও নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে আবারও সাধারণ মানুষকে সহিংসতার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেছেন, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ধারাবাহিক সহিংসতা এবং সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।
পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি দিয়ে গোপন হামলা চালানো হয়েছে। একই সময়ে ফরিদপুরে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা নিরীহ চালককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
এসব ঘটনার পরও সরকার নির্বিকার ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তাঁর ভাষ্য, নিষিদ্ধ সংগঠনের ধারাবাহিক সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না।
সরকারের বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার নিয়ে সরকার উদাসীনতার পরিচয় দিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত হিসেবে চিহ্নিত ব্যক্তি ও সন্ত্রাসীদের একের পর এক জামিন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
কূটনৈতিক ব্যর্থতার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম আরও বলেন, আশ্রয়দাতা ভারতের বিরুদ্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে সরকার শুরু থেকেই ব্যর্থ হয়েছে। জুলাই গণহত্যায় অভিযুক্ত ব্যক্তি এবং শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি নেই। বরং ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে ধারাবাহিক নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।
বক্তব্যের শেষাংশে কঠোর হুঁশিয়ারি দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের সাধারণ মানুষ কখনো পরাজিত হবে না। তিনি অবিলম্বে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।







