দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতা, ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না; প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে নিজেদের দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বিস্ফোরণ ও হামলার ঘটনা তুলে ধরে জামায়াত আমির বলেন, আর্মি গল্ফ ক্লাব, পুলিশের বিশেষ শাখা (এসবি) সদর দপ্তরের সামনে এবং থানার গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও টানা তিন দিন ককটেল বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবারও সেখানে দুজন আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া পার্বত্য সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে এক তরুণ সেনাসদস্যের মৃত্যুর ঘটনা, সাজেক ভ্যালির অস্থিতিশীল পরিস্থিতি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং সরকারি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার বিষয়েও উদ্বেগ জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করলেও একের পর এক নাশকতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। কয়েকজনকে জনগণ আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা মন্ত্রণালয়কে কার্যত অকার্যকর মনে হচ্ছে। পরিস্থিতির অবনতি সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে স্বতঃপ্রণোদিত হয়ে কোনো বক্তব্য দেননি বলেও সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। এ পরিস্থিতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না উল্লেখ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জাতির সামনে স্পষ্ট বক্তব্য দেওয়ার দাবি জানান।
বিরোধী দলের সংসদ সদস্যদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও তোলেন জামায়াত আমির। তিনি দাবি করেন, সরকারি দলের একজন অনির্বাচিত প্রতিমন্ত্রী বিরোধী দলের এক সংসদ সদস্যকে ফোন করে শাসানোর সুরে কথা বলেছেন। পাশাপাশি একটি গোয়েন্দা সংস্থা থেকে জামায়াত ছাড়ার জন্য বিরোধী দলের এক সংসদ সদস্যকে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ধরনের কর্মকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, কোনো গোয়েন্দা সংস্থার সদস্যের এমন চাপ দেওয়ার অধিকার আছে কি না, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। এ সময় তিনি প্রশ্ন করেন, দেশ আবারও সাড়ে ১৫ বছরের পুরোনো অন্ধকার সময়ে ফিরে যাচ্ছে কি না।
ফ্যাসিবাদের পুনর্বাসনের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জুলাই আন্দোলনে সন্তানদের রক্ত এখনো মানুষের চোখের সামনে রয়েছে। সেই রক্তের ওপর দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্বাসন হতে দেওয়া হবে না।
বক্তব্যের শেষাংশে বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান জাতীয় সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হলে সেই ব্যর্থতার দায় বিরোধী দল নেবে না। সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিরোধী দল জনগণকে সঙ্গে নিয়ে নিজেদের দায়িত্ব পালন করবে। তবে পরিস্থিতি উত্তরণে সরকার আন্তরিকভাবে উদ্যোগ নিলে বিরোধী দল সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।







