জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১২ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রস্তাবটি গৃহীত হওয়ার মাধ্যমে কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়।
সংসদ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে তার পক্ষে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুযায়ী তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।
পুনর্গঠিত কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও অন্য সদস্যরা হলেন:
চিফ হুইপ নুরুল ইসলাম মনি
মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১)
জয়নুল আবেদীন (বরিশাল-৩)
মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬)
আন্দালিব রহমান পার্থ (ভোলা-১)
নুরুল হক নুর (পটুয়াখালী-৩)
মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (চট্টগ্রাম-৫)
ফারজানা শারমিন পুতুল (নাটোর-১)
ব্যারিস্টার সাকিলা ফারজানা (সংরক্ষিত নারী আসন-৮)
মো. অলি উল্লাহ (বরগুনা-১)
সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১)
সংসদে চিফ হুইপ প্রস্তাবটি উত্থাপন করার পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে ভোট আহ্বান করেন। ভোটাভুটি শেষে প্রস্তাবটি গৃহীত হলে বিশেষ কমিটি পুনর্গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।







