বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এ নিন্দা জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, দলের যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, হামলায় জড়িতদের অবশ্যই খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য চড়া মূল্য দিতে হবে। এ বিষয়ে নীরব থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ ঘটনায় দুটি ছাগলেরও মৃত্যু হয়েছে।
এনসিপির নেতারা বাড়িটিতে পেট্রলবোমা হামলার অভিযোগ করেছেন। তবে আগুনের সূত্রপাত এবং পেট্রলবোমা হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।







