আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়টি কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এরই জেরে আসন্ন এই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বাংলাদেশ অক্টোবরের শেষ দিকে সংলাপটি আয়োজনের প্রস্তাব দিলেও দুর্গাপূজার কারণে ভারত নভেম্বর মাসকে বেছে নেয়। পরবর্তীতে ভারতের প্রস্তাবিত ১৭-১৮ নভেম্বর তারিখে বৈঠকটি আয়োজনে সম্মত হয়েছিল ঢাকা।
স্থগিত হওয়া এই সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম স্বাভাবিক করা, উভয় দেশে আটক নাগরিক ও জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার কথা ছিল।
উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ শুরু হয়। এ পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে, যার সর্বশেষটি ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে সম্পন্ন হয়েছিল।







