রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত উন্মুক্ত কনসার্টকে ঘিরে কিশোরদের প্রকাশ্যে ধূমপান, বেপরোয়া আচরণ এবং সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।
সংস্কৃতি চর্চার নামে উচ্ছৃঙ্খলতা ও অনৈতিক কর্মকাণ্ডের বিস্তার রোধে এ ধরনের আয়োজনের ওপর কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।
পোস্টে সাইফুল্লাহ বলেন, গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোরদের খালি গায়ে, হাতে সিগারেট নিয়ে কনসার্ট থেকে ফিরতে দেখা যাচ্ছে। তাদের বয়স আনুমানিক ১৩ থেকে ১৫ বছর। মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুর এলাকার বাসিন্দারা এ পরিস্থিতি সম্পর্কে অবগত বলে উল্লেখ করেন তিনি।
তিনি প্রশ্ন তোলেন, সাংস্কৃতিক আয়োজনের নামে উন্মুক্ত কনসার্টে অংশ নিয়ে বিপথগামী কোনো তরুণ কি মাদক ছেড়েছে, পড়াশোনায় মনোযোগী হয়েছে কিংবা পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে উঠেছে? বরং এসব আয়োজন উচ্ছৃঙ্খলতা ও মূল্যবোধহীনতাকে স্বাভাবিক করে তুলছে কি না, তা বিবেচনার আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক কিছু বিনোদনমূলক অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান, মাদক গ্রহণ, অশালীন আচরণ এবং সামাজিক ও পারিবারিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডের অভিযোগও তুলে ধরেন এই ইসলামি বক্তা। তার মতে, শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত এসব আয়োজনে এ ধরনের আচরণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পাবলিক প্লেসে ধূমপান আইনত নিষিদ্ধ উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, শিশু-কিশোরদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপানের প্রদর্শন কী ধরনের সংস্কৃতির পরিচয় বহন করে?
অন্যদিকে, ধর্মীয় আয়োজনের মাধ্যমে অনেক তরুণ মাদক ও জুয়া থেকে ফিরে সুস্থ জীবনে ফিরছে এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হচ্ছে বলে দাবি করেন সাইফুল্লাহ। এসব আয়োজনের ইতিবাচক সামাজিক প্রভাবও গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি।
তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব বুঝে কার্যকর ও গঠনমূলক আলোচনা পরিচালনার জন্য ধর্মীয় বক্তাদের যথাযথ প্রশিক্ষণ ও কর্মশালার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
পোস্টের শেষাংশে তিনি বলেন, একদিকে দেশ ও জাতির নৈতিক চরিত্র গঠনের আহ্বান জানানো হচ্ছে, অন্যদিকে সাংস্কৃতিক চর্চার নামে লাগামহীন কর্মকাণ্ড চলছে। সংস্কৃতির নামে যা খুশি তা করার স্বাধীনতা থাকতে পারে না।
দায়িত্বশীল মহলকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘লাগামটা ছিঁড়ে যেতে দিয়েন না, প্লিজ!’







