ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘণ্টার ওই বৈঠকে আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ভারতে অবস্থানরত জাহাঙ্গীর কবির নানক এ কর্মসূচি ঘোষণা করেন। ঢাকার গোয়েন্দা সূত্র এবং বৈঠকে অংশ নেওয়া একাধিক আওয়ামী লীগ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে লকডাউনের আড়ালে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন দলটির নেতারা। পাশাপাশি আগামী দিনগুলোতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্তও হয়েছে বৈঠকে।
সূত্র জানায়, বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কলকাতার রাজারহাট-নিউ টাউন এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। অ্যাকশন এরিয়া-১-এর ২বি আকাঙ্ক্ষা ও রেকজোয়ানিসংলগ্ন এইচপি পেট্রোল পাম্পের পেছনে অবস্থিত ‘এসকে হোটেল’-এ সভাটি হয়। এতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ৩৫০ নেতা অংশ নেন। বৈঠক শুরুর আগে সেখানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
বৈঠকে গত মঙ্গলবার দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ কর্মসূচিকে সফল হিসেবে মূল্যায়ন করেন নেতারা। ওই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনাগুলোকে তারা নিজেদের সাফল্য হিসেবে দেখেন। এসব ঘটনায় দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের সংখ্যা তুলনামূলক কম বলেও বৈঠকে মত দেন তারা। জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে একই ধরনের তৎপরতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয় বলে সূত্রের দাবি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক প্রভাবশালী নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও বাহাউদ্দিন নাছিম ছিলেন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, সাবেক নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদও বৈঠকে অংশ নেন বলে জানা গেছে।
দলটির সাংগঠনিক সম্পাদকদের মধ্যে মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত ছিলেন। সাবেক সংসদ সদস্যদের মধ্যে শেখ হেলাল উদ্দিন, আতিউর রহমান আতিক, সানোয়ার হোসেন সানু, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ছোট মনির, মোহিত-উর রহমান শান্ত, আব্দুল মালেক সরকার ও সারোয়ার কমলের নামও এসেছে।
এছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং আওয়ামী লীগপন্থি অনলাইন অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার বৈঠকে উপস্থিত ছিলেন বলে সূত্র জানিয়েছে।
তিনটি বিষয়ে গুরুত্ব
বৈঠকে মূলত তিনটি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হলো—তৃণমূল পর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি যাচাই, নতুন কর্মসূচির পরিকল্পনা এবং চূড়ান্ত প্রস্তুতির নির্দেশনা।
বিভিন্ন জেলা থেকে আসা নেতাদের কাছে নিজ নিজ এলাকার সাংগঠনিক পরিস্থিতি ও প্রস্তুতির বিস্তারিত জানতে চান কেন্দ্রীয় নেতারা। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে জেলাপর্যায়ে নেতাকর্মীরা কতটা প্রস্তুত, তা নিয়েও আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া নেতারা সভাটিকে হাসিনার দেশে ফেরাকে ঘিরে ‘শেষ প্রস্তুতি সভা’ হিসেবে অভিহিত করেন। মাঠপর্যায়ে কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীরা প্রস্তুত বলেও দাবি করা হয়।
১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি
আগামী ১৯ নভেম্বরের মধ্যে দেশে বড় পরিসরে আন্দোলন ও শোডাউন কর্মসূচি আয়োজনের বিষয়ে বৈঠকে একমত হন নেতারা। এর ধারাবাহিকতায় শুক্রবার জাহাঙ্গীর কবির নানক ফেসবুক লাইভে এসে ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন।
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা হাসিনার
শেখ হাসিনা বেশ কিছুদিন ধরেই ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বলে আসছেন। রয়টার্স, এপি, এনডিটিভি ও ইন্ডিয়া টুডেসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। গত ৫ নভেম্বর এপিকে দেওয়া সাক্ষাৎকারেও ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান তিনি।
শেখ হাসিনার দাবি, দেশে ফিরে তিনি আদালতের মুখোমুখি হতে প্রস্তুত। তবে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ও সময় এখনো প্রকাশ করেননি। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে।
বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুর
সাম্প্রতিক সময়ে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
গত সোমবার রাতে গোপালগঞ্জ শহর, কোটালীপাড়া ও মুকসুদপুরের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শহরের সরকারি জিলা স্কুল, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটানো হয়। একই রাতে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা এবং কোটালীপাড়ায় মশাল মিছিলের ঘটনাও ঘটে।
এসব কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৫টি অবিস্ফোরিত ককটেল ও সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা ও সংলগ্ন এক্সপ্রেসওয়েতে সোমবার গভীর রাতে অবরোধ ও মিছিল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় অন্তত ২৫টি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ব্যবহার করে। পরে রাত আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। নাওডোবা এলাকায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের জন্য প্রস্তুত করা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে পুলিশ।
ফরিদপুরে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় থাকা চালকের মৃত্যু হয়। মানিকগঞ্জেও একাধিক বিস্ফোরণের পাশাপাশি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আদালত এলাকায় বিস্ফোরণে দুজন আহত হন। পুলিশ এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছে। কিছু ঘটনায় অর্থের বিনিময়ে হামলা চালানোর অভিযোগও সামনে এসেছে।
এছাড়া সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশের অন্তত ২১টি জেলায় নাশকতা, সহিংসতা ও অবরোধের খবর পাওয়া যায়। পুলিশ সদর দপ্তর ও ডিএমপির হিসাব অনুযায়ী, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকাসহ ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়। ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিরাপত্তা জোরদারের পরামর্শ বিশ্লেষকের
নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। তবে দলটি নিষিদ্ধ থাকায় প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। এ কারণে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, অনলাইন প্রচার ও বিচ্ছিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা হতে পারে।
তিনি আরও বলেন, নতুন করে নাশকতার পরিকল্পনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক ও সক্রিয় থাকতে হবে। একই সঙ্গে জুলাইয়ের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি। প্রয়োজনে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি পারস্পরিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন এই নিরাপত্তা বিশ্লেষক।







