ভারতের অত্যন্ত সংবেদনশীল কৌশলগত এলাকা হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডরের কাছাকাছি সিকিম অঞ্চলের আকাশসীমায় একটি চীনা সামরিক বিমানের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘আউটলুক’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১২ নভেম্বর সংঘটিত এই ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে বারবার সতর্কবার্তা পাঠানো হলেও চীনা বিমানটি তা উপেক্ষা করে প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে ওই এলাকায় অবস্থান করে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১২ নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টার দিকে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় চীনা সামরিক বিমানটির গতিবিধি প্রথম শনাক্ত করে ভারতীয় বিমানবাহিনী (IAF)। এরপর দ্রুত বিমানটিকে নিজেদের ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য রেডিওর মাধ্যমে বারবার সতর্কবার্তা পাঠানো হয়। তবে নিষেধ অমান্য করে বিমানটি দীর্ঘ সময় ধরে ওই আকাশসীমায় চক্কর কাটতে থাকে। তবে ঠিক কী ধরনের সামরিক বিমান ছিল বা এর সুনির্দিষ্ট গতিপথ ও প্রস্থানের সময় সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
ঘটনাটি এমন এক স্থানে ঘটেছে যা ভূরাজনৈতিক ও সামরিক দিক থেকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর হলো এমন একটি সংকীর্ণ ভূখণ্ড, যা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে দেশটির মূল ভূখণ্ডের একমাত্র স্থলসংযোগ রক্ষা করে। এই করিডরের সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার হওয়ায় এর আশপাশের যেকোনো ধরনের সামরিক তৎপরতা দিল্লির জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
সিকিম অঞ্চলের পাশেই চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল অবস্থিত। একই এলাকার কাছাকাছি রয়েছে কৌশলগতভাবে সংবেদনশীল ডোকলাম মালভূমি, যেখানে ২০১৭ সালে ভারত ও চীনের সেনাসদস্যদের মধ্যে দীর্ঘ ৭৩ দিন ধরে মুখোমুখি সামরিক অচলাবস্থা তৈরি হয়েছিল। ফলে বর্তমান এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা দুই দেশের সীমান্ত সুরক্ষায় নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে এ বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় বিমানবাহিনী বা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিতকরণ দেওয়া হয়নি। পাশাপাশি চীনের বেইজিংয়ের তরফ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।







