ট্রাইব্যুনালে এসে ‘খুনি জিয়া’ দাম্ভিকতা দেখাচ্ছে এবং বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত এক যুব প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সম্মেলনে দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিবগাতুল্লাহ সিবগা বলেন, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বর্তমানে বিঘ্নিত হচ্ছে। অভিযুক্তরা ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতা প্রদর্শন করলেও সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উল্লেখ করে ছাত্রশিবিরের এই শীর্ষ নেতা বলেন, ভারতে অবস্থান করে তিনি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও আস্ফালন করছেন এবং পুনরায় দেশে ফেরার কথা বলছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের ১৮ কোটি মানুষ তার ফেরার অপেক্ষায় রয়েছে এবং দেশে ফিরলেই তার বিচার নিশ্চিত করা হবে।
এ সময় আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে সিবগাতুল্লাহ দলটিকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, এটি বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং ভারতের সংগঠন।
বক্তব্যের শেষে দেশের জনমানুষের নিরাপত্তা বিঘ্নিত হলে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতের যুব বিভাগসহ সমগ্র তরুণ সমাজকে আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।







