বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার সকালে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২০৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অন্যদিকে, ২৮৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা যায়।
তালিকায় ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৮৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আর ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।
আইকিউএয়ারের তথ্যমতে, বায়ুমান সূচক বা একিউআইয়ের মাধ্যমে একটি শহরের বাতাস কতটা বিশুদ্ধ কিংবা দূষিত, তা তাৎক্ষণিকভাবে পরিমাপ করা হয়।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় পর্যায়ে থাকে। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ু হিসেবে চিহ্নিত করা হয়।







