গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং আওয়ামী লীগের দুটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় বাহারের বাড়িতে এবং কান্দিরপাড় এলাকায় মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনার প্রতিবাদে একই রাতে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বিক্ষোভে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা অভিযোগ করেন, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে বিনা কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আগুন দিয়েছেন। এর প্রতিবাদে কুমিল্লায় পলাতক সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। তবে তাদের বক্তব্য, এ ঘটনায় সাধারণ মানুষ জড়িত।
এর আগে রাতে কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। এতে নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম ও সদস্যসচিব সাহেদ পান্না। এ ছাড়া দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ, সদস্যসচিব আনোয়ার হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







